ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার সিয়াম
- সর্বশেষ আপডেট ০৩:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 35
ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারত সরকার তাঁর নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
এর আগে জুলাইয়ে আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো চেয়েছিল ঢাকা। এক মাসের বেশি সময় ধরে এ বিষয়ে ভারতের সম্মতির অপেক্ষা চলছিল।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পান। তিনি একজন ক্যারিয়ার কূটনীতিক। ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচে যোগ দেন তিনি।
বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি নেওয়ার পর নেদারল্যান্ডস থেকে এমবিএ করেন আসাদ আলম সিয়াম। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে প্রতিনিধি এবং ফিলিপাইনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ পরবর্তী সময়ে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।





























