রাষ্ট্রপতির সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাৎ
৩০ জানুয়ারি জবির দ্বিতীয় সমাবর্তন

- সর্বশেষ আপডেট ০৪:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 175
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সমাবর্তনের তারিখ ও প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও সার্বিক প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এ আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।






























