রায়পুরায় চিত্রশিল্পী শাহাবুদ্দিনের জন্মদিন পালিত
- সর্বশেষ আপডেট ১২:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 307
নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার আলগী গ্রামের বীর মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, কেক কাটা এবং মিলাদ ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমেদ। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলোচনা করেন নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বশির আহম্মদ মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রায়পুরা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ উদ্দিন, হাজী কাশেম মিয়া, ফায়েজ মিয়া, মিন্টো প্রধান, রশিদ মেম্বার, আবুল খায়ের, জোনায়েল মিয়া ও মোরাদ প্রধান।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপচান মিয়া, সিনিয়র শিক্ষক অহিদী আক্তার, সহকারী শিক্ষক রোজিনা বেগম, মনিকা রানী দাস, আকরাম হোসেন ও রিমিলা রানী ছোঁয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী গ্রামে জন্মগ্রহণ করেন শাহাবুদ্দিন আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র ২১ বছর বয়সে তিনি ২ নম্বর সেক্টরের অধীনে প্লাটুন কমান্ডার হিসেবে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সম্মুখ ও গেরিলা যুদ্ধে অংশ নেন এবং নেতৃত্ব দেন।
১৯৭৪ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন শাহাবুদ্দিন আহমেদ। প্যারিসপ্রবাসী এই শিল্পীর খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ফ্রান্স সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি ‘নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার’ প্রদান করে।
অনুষ্ঠানে বক্তারা শাহাবুদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।





























