নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৫
- সর্বশেষ আপডেট ০৪:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 26
নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের পানি সাইফুল বিশ্বাসের বাড়ির দিকে গিয়ে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে মঙ্গলবার সকালে আজমল বিশ্বাসের লোকজন সাইফুলের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বুধবার নড়াইল জেলা হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



























