ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১২:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 178
সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশ বাহিনীর মনোবল অনেকটাই ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব নেয়, সেখানে জনগণের প্রত্যাশা, আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হয়েছে। সে সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া আইনশৃঙ্খলা বাহিনীও ছিল নানা সংকট ও বিশৃঙ্খলার মধ্যে।
তিনি বলেন, বাহিনীগুলোর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে উৎসাহিত করার কাজ একসঙ্গে এগিয়ে চলছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর অপরাধ সংঘটনের পরপরই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি; এমন কোনো ঘটনা নেই বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও কর্মপরিবেশ অত্যন্ত নাজুক ছিল। গত ছয় মাসে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা আত্মবিশ্বাসের সঙ্গে অপরাধ দমনে কাজ করছেন।
রংপুরে চার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনায়ও অপরাধ সংঘটনের পর যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। আলোচিত-অনালোচিত সব অপরাধের ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত অল্প সময়ে এর চেয়ে বেশি পরিবর্তন আশা করা ঠিক হবে না। তবে ভবিষ্যতে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের জন্য পুরস্কার, সম্মাননা ও সনদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সত্যিকারের জনবান্ধব বাহিনীতে পরিণত করার লক্ষ্য রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শে শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচারের শিক্ষা রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার এই আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।































