চরফ্যাশনে বিরল প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 14
ভোলার চরফ্যাশন উপজেলার প্রধান মাছবাজারে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা ৩২টি বিরল ও বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বন বিভাগের উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি বিশেষ দল মাছবাজারে অভিযান চালায়। এ সময় অভিযান টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দী ৩২টি কচ্ছপ জব্দ করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফসিল-১-ভুক্ত বিপন্ন সন্ধি কচ্ছপ ও কড়ি কাইট্টা প্রজাতির কচ্ছপ রয়েছে।
চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর সালাম জানান, কচ্ছপগুলো নিরাপদ হেফাজতে নেওয়ার পর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় বস্তাবন্দী থাকায় কোনো আঘাত পেয়েছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার সকালে বন বিভাগের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
পরিবেশবিদদের মতে, জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কচ্ছপ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত করা দণ্ডনীয় অপরাধ।
চরফ্যাশন উপকূলীয় এলাকা হওয়ায় মাছবাজারকে আড়াল হিসেবে ব্যবহার করে কচ্ছপগুলো অন্যত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।































