প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ০১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 18
কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, দীপু মনিকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করার প্রস্তুতি চলছে। এ জন্য তার আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করানোর জন্য।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন।


































