রাতে মাজারে গান, সকালে সড়কে প্রাণ গেল পেহলি ভৈরবীর

- সর্বশেষ আপডেট ০৭:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 233
সিলেটের একটি মাজারে রাতভর গানের আসরে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন বাউলশিল্পী পেহলি ভৈরবী। কিন্তু সেই রাতের কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবনের আলো। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।
এই দুর্ঘটনায় পেহলি ভৈরবীসহ মোট নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।
নিহত পেহলি ভৈরবীর (২৩) বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকায়। তিনি বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহর মাজারে আয়োজিত গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পেহলি ভৈরবী। তাঁর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। অনেকে সেই অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। ‘বন্ধন স্টুডিও’ নামে একটি ফেসবুক পেজে তাঁর গাওয়া একটি গানও প্রচার করা হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, এর আগেও একাধিকবার ওই মাজারে গান পরিবেশন করেছিলেন পেহলি ভৈরবী। এবারও তিনি প্রাণবন্ত পরিবেশনা উপহার দিয়েছিলেন। কিন্তু পরদিন সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক নেমে আসে শিল্পী-ভক্তদের মধ্যে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে পেহলি ভৈরবী ছাড়াও তিন বছরের শিশু জাইফা, সিলেট নগরের সপ্তম রায় প্রীতম (২৬), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন (৪৪) এবং কুমিল্লার মনোহরগঞ্জের হাফিজ আরমান হোসেন রাহিম (১৯) রয়েছেন। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।































