বিরোধী দল ছাড়াই বসছে সংবিধান সংশোধন কমিটি
- সর্বশেষ আপডেট ১১:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 19
জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বিরোধী দল সদস্যদের নাম না দেওয়ায় তাদের অংশগ্রহণ ছাড়াই ১২ সদস্যের কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রথম বৈঠকে মূলত সদস্যদের পরিচিতি, কার্যপদ্ধতি এবং পরবর্তী বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দ্বিতীয় বৈঠক থেকে সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হতে পারে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়।
গত ১৩ জুলাই সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা থাকলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়। পরবর্তীতে তারা সদস্যদের নাম দিলে কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো নাম জমা না দেওয়ায় ১২ সদস্যের কমিটিই কার্যক্রম শুরু করছে।
সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রতিনিধি মনোনয়ন দেয়নি।
বর্তমান কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন; চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
































