কিশোরগঞ্জে জনতার চাপে থামল এলজিইডির নিম্নমানের সড়ককাজ

- সর্বশেষ আপডেট ০৬:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 165
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডির একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে অবশেষে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পিরিজপুর পাকা রাস্তার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) মোড় থেকে পূর্ব গোবরিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনূস অ্যান্ড ব্রাদার্স। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা।
অভিযোগ উঠেছে, নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। গত ১৭ জুলাই শুক্রবার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কাজ বন্ধ করে দেন। পরে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এসব ভিডিও এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করার সুযোগ পেয়েছে। তাদের দাবি, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, একই ঠিকাদারি প্রতিষ্ঠান কুলিয়ারচরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ করছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের পর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে গিয়ে তিনি নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
তিনি একই সঙ্গে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিয়ে মানসম্মত উপকরণ দিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইউনূস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি. কিবরিয়া নির্মাণকাজ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলা অ্যাফেয়ার্সকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। নিয়ম মেনে ভালো মানের উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।































