৩৬ বছর পর মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা!
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 45
ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দলগুলো- ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির লড়াই মানেই আবেগ, উত্তেজনা আর কোটি কোটি দর্শকের চোখ এক মাঠে।
চলমান টুর্নামেন্টে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট। আর তাতেই নতুন করে জেগে উঠেছে ফুটবলপ্রেমীদের স্বপ্ন- আবারও কি দেখা যাবে মহারণ?
আর্জেন্টিনা ‘জে’ গ্রুপ থেকে এবং ব্রাজিল ‘সি’ গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই দল নিজেদের পথ ধরে এগোতে পারলে ফাইনালের আগেই হতে পারে বহুল প্রতীক্ষিত ‘সুপার ক্লাসিকো’।
তবে সেই স্বপ্নের ম্যাচ দেখতে হলে দুই দলকেই পেরোতে হবে একাধিক কঠিন বাধা। রাউন্ড অব ৩২, শেষ ষোল এবং কোয়ার্টার ফাইনাল জয়ের পর সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ নির্ভর করছে তাদের শেষ ম্যাচের ওপর। গ্রুপসেরা হলে রাউন্ড অব ৩২-এ আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।
অন্যদিকে ব্রাজিল শুরু করেছিল ড্র দিয়ে। তবে এরপর হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মধ্যে কোনো একটি দল।
দুই দলের লড়াইয়ের ইতিহাসও সমান রোমাঞ্চকর। এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আর্জেন্টিনার জয় ৪১টি, ব্রাজিলের ৩৯টি। ড্র হয়েছে ২৬টি ম্যাচ। সবশেষ ১৯৯০ সালে। ইতালি বিশ্বকাপের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা।
তাই সব হিসাব-নিকাশ মিলে গেলে সেমিফাইনালে ৩৬ বছর পর আবারও মুখোমুখি হতে পারে ফুটবল বিশ্বের দুই মহারথী। আর সেই ম্যাচ যে পুরো ফুটবল বিশ্বকে থমকে দেবে, তা বলাই বাহুল্য।




































