অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ন্যায়বিচার করেনি: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৯:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 15
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে ন্যায়বিচার করতে পারেনি। একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটায়নি বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দলটির ‘ছায়া বাজেট’ প্রস্তাবনা উপস্থাপনকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে দেশের পরিস্থিতি ভিন্ন হতে পারত।
জামায়াত আমিরের মতে, বাজেট বাস্তবায়নে সততা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসবের অভাব থাকলে বড় বাজেটও কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না।
তিনি বর্তমান কর ব্যবস্থার বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে রাজস্ব কাঠামোকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান। পাশাপাশি অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব সংসদে উত্থাপনের কথাও জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটের প্রকৃত মূল্যায়ন করবে জনগণ। জনস্বার্থবিরোধী কোনো দিক থাকলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি জানান, জামায়াতে ইসলামীর প্রস্তাবিত বাজেটের আকার ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। জনগণের কল্যাণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।































