নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন
- সর্বশেষ আপডেট ১০:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 29
সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষা ও শিল্প-বাণিজ্যে আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬।
“মেট্রোলজি: নীতিনির্ধারণে আস্থা গড়ে তোলা” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২০ মে) নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আফিকুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতিখার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসটিআই নরসিংদীর উপপরিচালক কে এম রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, নীতিনির্ধারণ, শিল্প উৎপাদন, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় নির্ভুল পরিমাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান বজায় রেখে পরিমাপ নিশ্চিত করা গেলে শিল্প ও বাণিজ্য খাতে বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং ভোক্তারা প্রতারণা থেকে সুরক্ষা পাবেন।
অনুষ্ঠানে বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ভেজালবিরোধী অভিযান, ওজন ও পরিমাপ তদারকি এবং কিউআর কোডযুক্ত হলমার্ক কার্যক্রম। বক্তারা জানান, আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি সেবার মানোন্নয়নে কাজ করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান বলেন, সঠিক পরিমাপ একটি উন্নত অর্থনীতি ও সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তিনি ভেজাল ও পরিমাপে কারচুপি বন্ধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির বলেন, খাদ্য ও ওষুধসহ দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। অতিরিক্ত পুলিশ সুপার মো. আফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
এ সময় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, মিল ও বেকারি মালিক সমিতির নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বক্তারা দেশে সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।




































