ঢাকায় জাপানি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- সর্বশেষ আপডেট ১০:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 13
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
জাপানের কৃষিমন্ত্রী ও বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশে জাপানের বিনিয়োগ, কৃষি প্রযুক্তি ও খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করে। তারা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত। তিনি কৃষি, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দক্ষ জনশক্তি, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষিখাতে জাপানে পাঠানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ চলমান বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের ১৭.৫ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টিও আলোচনায় আসে, যেখানে নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
শেষে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়, যা তিনি উপযুক্ত সময়ে গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।































