হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

- সর্বশেষ আপডেট ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 186
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও নজরদারি বাড়ার প্রেক্ষাপটে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। কৌশলগত এই জলপথে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা ও সাবেক আইআরজিসি প্রধান মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি ‘পুলিশের ভূমিকায়’ আচরণ করে, তাহলে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি মার্কিন নীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেন। রেজাইয়ের মতে, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর কাজ কোনো অঞ্চলে একতরফা পাহারাদারির ভূমিকা নেওয়া হতে পারে না।
তিনি আরও সতর্ক করেন, হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন নৌযানগুলো ইরানের প্রতিরোধের মুখে পড়তে পারে এবং সম্ভাব্য সংঘাতে তা গুরুতর ক্ষতির শিকার হবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে নতুন করে উসকে দিতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত ও সামরিক কর্মকাণ্ডের পর অঞ্চলটি এমনিতেই টানটান পরিস্থিতির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই করে আসছেন বিশেষজ্ঞরা।
































