পাঁচ দিনের বৃষ্টি সতর্কতা

- সর্বশেষ আপডেট ০৭:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 192
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছু এলাকায় চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসার ইঙ্গিত মিলছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশে লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটের কিছু অংশ এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও রয়েছে।
শনিবার আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ কয়েকটি অঞ্চলে। কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববারও সিলেটের কিছু অংশ এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহ কিছুটা কমে গিয়ে জনজীবনে সাময়িক স্বস্তি ফিরতে পারে।

































