নীতির ভিত্তিতে আলোচনায় প্রস্তুত ইরান: প্রধান বিচারপতি

- সর্বশেষ আপডেট ০৯:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 158
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে দেশটি স্পষ্ট করেছে, যেকোনো আলোচনা হতে হবে ‘নীতি ও যুক্তির ভিত্তিতে’।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, তেহরান আলোচনা ও সমঝোতায় আগ্রহী হলেও তা অবশ্যই নীতি ও যুক্তির ভিত্তিতে হতে হবে। সোমবার সুপ্রিম কাউন্সিল অব জুডিশিয়ারির এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
৪০ দিনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এজেই বলেন, এই সময়ে যুদ্ধক্ষেত্র ও কূটনীতির উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে ইরানের ধারণা।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বরাবরের মতো ‘চাপ প্রয়োগের কৌশল’ নিয়েই আলোচনায় বসে। ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ১১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে তারা যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করেছে।
এজেই জানান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল আলোচনায় দেশের স্বার্থ ও অর্জনগুলো তুলে ধরে এবং যুক্তরাষ্ট্রের দাবির বিরুদ্ধে অবস্থান নেয়।
তিনি বলেন, ইরান আলোচনায় রাজি—তবে তা হতে হবে ন্যায্যতা, নীতি ও বাস্তবতার ভিত্তিতে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সংঘাতে অর্জিত সামরিক ও কৌশলগত সাফল্য রক্ষা করা এখন সবার অগ্রাধিকার।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে এজেই বলেন, দেশের বিভিন্ন স্তরের মানুষ ও প্রতিষ্ঠান এই অর্জন রক্ষায় একসঙ্গে কাজ করছে। সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থনও অব্যাহত রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চললেও ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদের অবস্থানে কোনো শিথিলতা নেই।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালায়, যা সংঘাতকে দীর্ঘায়িত করে।
পরবর্তীতে ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তবে ২১ ঘণ্টার আলোচনার পরও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
































