যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান

- সর্বশেষ আপডেট ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 133
ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলার যে হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি।
ট্রাম্প হুমকি দিয়েছিলেন, দাবি না মানলে ‘পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। তবে সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে নাটকীয়ভাবে তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর-আল জাজিরা
মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায় যখন হামলা শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি, তখন ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’- এ নতুন সিদ্ধান্তের কথা জানান।
তিনি এই সমঝোতার মধ্যস্থতা করার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এই সিদ্ধান্ত কিছু শর্তসাপেক্ষে নেওয়া হয়েছে- যার মধ্যে প্রধান হলো ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে।
ট্রাম্প লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনায় তারা অনুরোধ করেছেন, আমি যেন আজ রাতে ইরানের দিকে পাঠানো ধ্বংসাত্মক হামলা থামিয়ে দিই। ইরান যদি সম্পূর্ণভাবে, অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়, তবে আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি আছি।
ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, একটি সাময়িক চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি লিখেছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে।
তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের বোমা হামলা স্থগিত করার শেষ মুহূর্তের আবেদনের জন্য আরাগচিও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১৭ শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি ৯২ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।
যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘লজ্জাজনক পিছু হটা’ হিসেবে বর্ণনা করেছে।



































