সংসদে বিল পাস
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন ৩২

- সর্বশেষ আপডেট ০৬:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 86
রোববার সংসদে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার বিল পাস হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
বিলের মূল বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর হবে। আগের নিয়মে যেসব পদে বয়সসীমা ৩০ বা ৩২-এর নিচে ছিল, সেগুলোর ক্ষেত্রেও এখন থেকে ৩২ বছর প্রযোজ্য হবে।
যেসব পদের জন্য আগে ৩৫, ৪০ বা ৪৫ বছরের উচ্চতর বয়সসীমা নির্ধারিত ছিল, সেগুলো আগের মতোই থাকবে। অর্থাৎ এই আইনের প্রভাবে কারও সুযোগ কমবে না।
প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ বিধিমালা আগের মতোই অব্যাহত থাকবে। নতুন বিল তাদের নিয়োগে কোন প্রভাব ফেলবে না।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব আনার উদ্দেশ্যেই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
বিল আনার মাধ্যমে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা অধ্যাদেশগুলো স্থায়ী আইন হিসেবে রূপান্তরিত হলো। এছাড়া আগে কিছু বিশেষ পদে জটিলতা সৃষ্টি হওয়া অস্পষ্টতা দূর করা হয়েছে।




































