যুদ্ধের প্রভাব পড়েছে অর্থনীতিতে: ত্রাণমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 166
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে এবং কিছু এলাকায় জ্বালানি সংকট দেখা দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে চাপ বেড়েছে, পাশাপাশি জ্বালানি সরবরাহেও বিঘ্ন দেখা যাচ্ছে। তবে এ পরিস্থিতিতেও সরকার জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, নির্বাচন শেষে দ্রুতই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। “আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই কাজ শুরু করেছি”—উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ বেশ কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।































