হরমুজে শর্তসাপেক্ষ জাহাজ চলাচলের অনুমতি

- সর্বশেষ আপডেট ০৯:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 153

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে একটি নৌকার কাছে পাখি উড়ছে, ছবিটি ওমানের মুসান্দাম থেকে তোলা, ২ মার্চ, ২০২৬। রয়টার্স
টানা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে অবস্থান পরিষ্কার করল তেহরান—‘আগ্রাসীদের’ সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য পথ বন্ধ, অন্যদের ক্ষেত্রে থাকবে শর্তসাপেক্ষ অনুমতি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরিবারসহ হত্যার পরও দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়েনি—বরং ৩৩ দিনের যুদ্ধে পাল্টা জবাব আরও জোরালো হয়েছে বলে দাবি তেহরানের।
এই সময়জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের টার্গেট করে হামলা চালিয়েছে, পাশাপাশি জ্বালানি ও পারমাণবিক স্থাপনাও আঘাতের মুখে পড়ে। তবু ইরান থেমে নেই; ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
ওয়াশিংটনের দ্রুত জয়লাভের হিসাব বাস্তবে মেলেনি—এমন ইঙ্গিত মিলছে পরিস্থিতি থেকে। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ায় চাপ আরও বেড়েছে প্রতিপক্ষের ওপর। সমন্বিত হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলেছে তেহরান।
এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলতে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও অবস্থান বদলায়নি ইরান। বরং হামলার মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ অবস্থায় তেহরান স্পষ্ট করে জানিয়েছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজে প্রবেশ করতে পারবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য উঠে এসেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বৈশ্বিক তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথ কেবল সেইসব জাহাজের জন্য খোলা থাকবে, যেগুলো ‘আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টও নয়’। নিউজরুম আফ্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যোগ করেন, প্রয়োজনীয় সমন্বয়ের পরই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।
একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘ফাঁদে’ এবার পা দেবে না তেহরান। তার ভাষায়, যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির পুনরাবৃত্ত চক্র আর মেনে নেওয়া হবে না। গত বছরের জুলাইয়ের ১২ দিনের সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা থামতে বলল, আমরা থামলাম—কয়েক মাস পর আবার শুরু করল।”
প্রসঙ্গত, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারির ৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ২১ দিন সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে; তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে, একই সময়ে ইসরায়েল চালায় ‘অপারেশন রোয়ারিং লায়ন’।
এই যৌথ হামলার শুরুতেই নিহত হন খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য। পরবর্তী ৩৩ দিনে ইরান হারায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় বহু গুরুত্বপূর্ণ স্থাপনা; প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার।
তবে পাল্টা আঘাতও থামেনি। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
এসব আক্রমণে প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীর অংশগ্রহণে সেই সক্ষমতা আরও বেড়েছে বলেও মনে করা হচ্ছে।


































