ইরানের হামলায় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত

- সর্বশেষ আপডেট ০৩:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 178
মধ্যপ্রাচ্যের আকাশে নতুন উত্তেজনা। ইরান দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি, ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্য ইরানের আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালায়।
তাদের দাবি, ওই আঘাতে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ভূপাতিত হয়েছে। তবে এই দাবি কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ ভিন্ন সুরে কথা বলছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, একটি এফ-৩৫ যুদ্ধবিমান মিশনে অংশ নিয়েছিল এবং পরে সেটি নিরাপদে একটি ঘাঁটিতে অবতরণ করেছে।
পাইলটও নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। কী কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিংবা সেটি আদৌ শত্রুপক্ষের হামলার শিকার হয়েছিল কি না—সেসব বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
ঘটনাটিকে ঘিরে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইরান। থার্মাল ক্যামেরায় ধারণ করা বলে দাবি করা ওই ভিডিওতে আকাশে একটি লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যেতে দেখা যায়।
তবে ফুটেজটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সেটি প্রমাণ হিসেবে কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও সংশয় রয়েছে।
এফ-৩৫ যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত বহুমুখী স্টেলথ ফাইটারগুলোর একটি ধরা হয়। এর প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটানোর ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সেই প্রেক্ষাপটে এ ধরনের ভূপাতিতের দাবি স্বাভাবিকভাবেই বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
































