টিকটকার রাকিব হত্যার নেপথ্য কারন উদঘাটন

- সর্বশেষ আপডেট ০৪:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 193
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিব হত্যাকাণ্ডের নেপথ্যের কারন উদঘাটন করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এমন দাবি করেন।
তিনি জানান, নারীঘটিত বিরোধের জেরে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয় টিকটকার রাকিবকে। এ হত্যাকাণ্ডে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল জড়িত ছিল। এর মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় ৩ থেকে ৪ জন। হত্যার উদ্দেশ্যেই তারা ঘটনার দুই দিন আগে ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান নেয়।
ডিসি মাসুদ আলম আরও জানান, ঘটনাস্থল থেকে আটক শিহাবের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































