বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

- সর্বশেষ আপডেট ০৮:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 143
বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাই সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতিতে চলাচলের সময় নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, হাসপাতালে এক শিশুসহ চারজনকে আনা হলে আগেই তাদের মৃত্যু হয়েছিল। মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, সেখানে আটজন নিহত ও একজন আহতকে আনা হয়েছিল। পরে আহত ব্যক্তিও মারা যান।































