জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয় ঐকমত্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১০:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 163
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অভ্যুত্থানে অংশ নেওয়াদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠছে—ভুক্তভোগীদের মামলা করার অধিকার নেই কেন। তবে তার মতে, সব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা ঠিক হবে না।
তিনি দাবি করেন, রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। সেই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের কিছু কর্মকাণ্ডকে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়ে জাতীয়ভাবে একটি ঐকমত্য রয়েছে এবং সেটি বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, অসংখ্য মামলা দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফ্যাসিবাদের পতনের পর নৈরাজ্য ও প্রতিহিংসার আশঙ্কা ছিল, তাই তখন থেকেই ‘রিকনসিলিয়েশন’ বা জাতীয় সমঝোতার চিন্তা করা হয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ‘ট্রুথ কমিশন’-এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও হয়তো একটি ‘হাফ ট্রুথ কমিশন’ হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য ‘ন্যাশনাল রিকন্সিলিয়েশন কমিশন’ গঠনের অঙ্গীকার রয়েছে সরকারের।
































