পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ!

- সর্বশেষ আপডেট ১১:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 366
নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে পোশাক পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠির মাধ্যমে দেশের সব পুলিশ সদস্যের কাছে মতামত চাওয়া হলে বিপুল সংখ্যক সদস্য আগের ইউনিফর্মের পক্ষে মতামত দিয়েছে। ফলে শিগগিরই বাংলাদেশ পুলিশ সদস্যরা আগের পোশাকেই ফিরে যেতে পারেন এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।
দেশে আনুমানিক পুলিশের সংখ্যা ২ লাখের বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ আগের পুলিশের পোশাক পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন। এ কারণে পুরোনো পোশাকের পক্ষেই সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের পোশাক নির্ধারণের এখতিয়ার সরকারের। বর্তমানে পুলিশের পোশাক নিয়ে যে মতামত জরিপ পরিচালনা করা হয়েছে, তা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের কাছে উপস্থাপন করা হবে। পরবর্তীতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন পোশাক পুলিশের জন্য উপযোগী ও মানানসই।
বিগত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন পোশাক পুলিশ সদস্যদের ওপর কার্যত চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেই পোশাকের বিপক্ষে প্রায় ৯৬ শতাংশ পুলিশ সদস্য মতামত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
পুলিশ সদর দপ্তর থেকে নতুন পোশাকের রঙ সংক্রান্ত চিঠি ইস্যুর পর জেলায় জেলায় পুলিশের বিশেষ কল্যাণ সভা ডাকা হয়। সম্প্রতি নরসিংদী জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত অধিকাংশ পুলিশ কর্মকর্তা পুনরায় পুরোনো পোশাক পরিধানের পক্ষে মত দেন এবং দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত জেলাভিত্তিক কল্যাণ সভাগুলোতেও একই মতামত, পুরোনো পোশাক। এসব কল্যাণ সভার প্রধান হিসেবে জেলা পুলিশ সুপাররা (এসপি) নিয়ম মেনে পুলিশ সদর দপ্তরে পুরোনো পোশাকের পক্ষে মতামতের ফলাফল পাঠান।































