৬৫০ মার্কিন সেনা নিহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 188
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর দাবি করেছে, ‘ট্রু প্রমিজ ৪’ নামের প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।
একই সঙ্গে একটি মার্কিন বিমানবাহী রণতরী উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে বলেও তাদের বক্তব্য। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, ইরানের ধারাবাহিক আঘাতে মার্কিন বাহিনী চাপে পড়ে।
তাঁর দাবি, ইরানি হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যায়। দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই রণতরী লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়। হামলার পর জাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পিছু হটে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও একাধিকবার হামলা চালানো হয় বলে দাবি তাদের। একটি নির্দিষ্ট স্থাপনায় আঘাতে প্রায় ১৬০ জন মার্কিন কর্মী হতাহত হয়েছেন বলেও বলা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষের দেওয়া তথ্য আলাদাভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ে—এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।


































