জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ

- সর্বশেষ আপডেট ০৭:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 274
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ হুইপস আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত চীফ হুইপ নূরুল ইসলাম বরগুনা-২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনের প্রতিনিধিত্ব করেন। সংসদীয় কার্যক্রম পরিচালনায় চীফ হুইপের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় অবস্থান সমন্বয়, সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিভিন্ন বিল ও প্রস্তাবের সময় শৃঙ্খলা রক্ষা—এসব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ভূমিকা থাকে।
এ ছাড়া যাঁরা হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন, তাঁরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
































