নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

- সর্বশেষ আপডেট ১১:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 209
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণ ও হত্যা মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিষাশুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জনের একটি দল ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সে প্রক্রিয়ায় বিচার না হয়ে বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। ভুক্তভোগী পরিবারের ওপর গ্রাম ছাড়ার চাপও সৃষ্টি করা হয়েছিল বলে স্বজনদের দাবি।
এরপর বুধবার সকালে নতুন করে নৃশংসতার ঘটনা ঘটে। কিশোরীর বাবা তাকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়ি ফিরে আসেন।
পরদিন সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পুনরায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, আগের অভিযোগের যথাযথ বিচার হলে হয়তো পরিস্থিতি এ পর্যায়ে গড়াত না।































