প্রবৃদ্ধি নেমে ৩.৪৯ শতাংশে

- সর্বশেষ আপডেট ০৯:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 209
টানা তৃতীয় বছরের মতো কমল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশে—যা সাময়িক হিসাবের তুলনায় ৪৮ বেসিস পয়েন্ট কম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের ওয়েবসাইটে জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ এই পরিসংখ্যান টানা তিন বছর ধরে প্রবৃদ্ধির নিম্নমুখী ধারার বিষয়টি স্পষ্ট করেছে।
পেছনের চিত্রও একই ইঙ্গিত দেয়। ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। এক বছর পর তা কমে ৫.৭৮ শতাংশে নেমে আসে। ২০২৩-২৪ অর্থবছরে হার দাঁড়ায় ৪.২২ শতাংশে। আর সর্বশেষ অর্থবছরে তা আরও কমে ৩.৪৯ শতাংশে ঠেকেছে। ধারাবাহিক এই পতন অর্থনীতির গতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির তীব্র সময়ে প্রবৃদ্ধি নেমে এসেছিল ৩.৪৫ শতাংশে। অর্থাৎ, বর্তমান হার সেই সংকটকালীন সময়ের কাছাকাছি অবস্থান করছে।
চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন মার্কিন ডলারে। টানা দুই বছর কমার পর মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৭৬৯ ডলার।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির গতি আগের বছরের তুলনায় শ্লথ হয়েছে। বিপরীতে শিল্প খাতে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সামগ্রিক চিত্রে অর্থনীতিতে চাপ থাকলেও খাতভেদে ভিন্ন প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।



































