ফ্যামিলি কার্ডের আদলে আসছে কৃষক কার্ড

- সর্বশেষ আপডেট ০৩:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 218
সরকার টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য চালু করতে যাচ্ছে ‘কৃষক কার্ড’। শুরুতে এটি পাইলট প্রকল্প হিসেবে সীমিত পরিসরে চালু হবে, পরে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কবে থেকে কার্ড বিতরণ শুরু হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তুতিমূলক নানা কাজ বাকি রয়েছে। তবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে।
মন্ত্রী জানান, কৃষক কার্ড চালু হলে একজন কৃষক উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা এক প্ল্যাটফর্মে পাবেন। কৃষি বিষয়ক জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ, সার, কীটনাশক ও বীজসহ প্রয়োজনীয় উপকরণে সহায়তা মিলবে এই কার্ডের মাধ্যমে। পাশাপাশি স্মার্ট প্রযুক্তির সাহায্যে বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা ও আবহাওয়ার তথ্যও সরাসরি জানতে পারবেন কৃষকরা। এতে তারা পরিকল্পনা আরও সঠিকভাবে করতে সক্ষম হবেন।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে স্মার্ট কার্ড প্রযুক্তির ওপর জোর দিচ্ছে সরকার। মন্ত্রী বলেন, কোনো ধরনের লিকেজ বা প্রভাবশালীদের হস্তক্ষেপ ঠেকাতে এই কার্ড সরাসরি কৃষকের হাতে সুবিধা পৌঁছে দেবে। যেমন একজন সিম ব্যবহারকারী সরাসরি বিভিন্ন সেবা পান, তেমনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি সংযোগ তৈরি হবে। ফলে কৃষক যেমন সরাসরি সুবিধা পাবেন, তেমনি সরকারও তাদের সমস্যা ও চাহিদা দ্রুত জানতে পারবে।
সরকারের লক্ষ্য দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা। তবে শুরুতে নির্দিষ্ট অঞ্চল বা সীমিত সংখ্যক কৃষক নিয়ে পাইলট প্রকল্প চালু করে পরবর্তীতে তা ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে।
































