বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের সময়সীমা ঘোষণা

- সর্বশেষ আপডেট ০২:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জোটের আরও ৩টি আসনসহ বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলে বসেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়ী হয়েছে।































