টেকনোক্র্যাট ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যেসব নাম

- সর্বশেষ আপডেট ১০:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 84
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সূত্র বলছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই মন্ত্রিসভা ঘোষণার পরিকল্পনা রয়েছে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নিতে যাচ্ছেন বলেও দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত। এতে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও টেকনোক্র্যাটদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতিনির্ধারণে নতুন চিন্তা যুক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি—এসব লক্ষ্য সামনে রেখে মন্ত্রিসভা সাজানো হচ্ছে।
২০০১–২০০৬ মেয়াদের সরকারের কয়েকজন সাবেক মন্ত্রীকেও পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয় অতীতে তুলনামূলক বিতর্কমুক্ত ছিল এবং যেসব নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ যুক্ত হতে পারে, যাদের বেশিরভাগই অপেক্ষাকৃত তরুণ। টেকনোক্র্যাট কোটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে। একইভাবে আইসিটি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে যুব ও ক্রীড়া, স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেনকে স্বাস্থ্য, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কৃষি এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা হতে পারে বলেও দলীয় সূত্র জানিয়েছে। আইন মন্ত্রণালয়ের জন্য ব্যারিস্টার কায়সার কামাল অথবা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নাম বিবেচনায় রয়েছে।
অভিজ্ঞ নেতাদের মধ্যেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে, যদিও তাকে রাষ্ট্রপতি করা নিয়েও আলোচনা রয়েছে।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ড. আব্দুল মঈন খান পরিকল্পনা; আমীর খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র অথবা বাণিজ্য; ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; মির্জা আব্বাস সড়ক পরিবহন ও সেতু এবং আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
এছাড়া সালাহউদ্দিন আহমদ এলজিইডি মন্ত্রণালয় এবং আবদুস সালাম পিন্টু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে। সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নামও আলোচনায় রয়েছে।
মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এবং ব্যারিস্টার মীর হেলালের নামও ঘুরছে দলীয় আলোচনায়। নারী নেতৃত্বের মধ্য থেকে শামা ওবায়েদ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও তাহসিনা রুশদীর লুনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও সরকারে অংশীদার করার প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে বিএনপি। সে অনুযায়ী এনডিএমের ববি হাজ্জাজ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ১২-দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দারের নাম মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে।
স্পিকার পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নাম শোনা যাচ্ছে। তিনি দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর স্পিকার নির্বাচন হবে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভার আকার ও সদস্যসংখ্যা নির্ধারণ করবে বিজয়ী দল।































