নির্বাচনী ডিউটিতে পুলিশের জন্য ২২ বিধিনিষেধ জারি

- সর্বশেষ আপডেট ০৩:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 165
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনী দায়িত্ব পালনকালে ২২ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর বিভাগীয় ব্যবস্থা।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বে থাকা কোনো সদস্য প্রার্থী, এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠ আলাপচারিতা বা ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিতবাহী আচরণ অপেশাদার হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকাও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনসংক্রান্ত সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও কারও কাছে পাঠানো যাবে না।
প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না। ভোটারদের নির্দিষ্ট কোনো প্রতীকের পক্ষে প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া দায়িত্ব চলাকালে একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা ব্যক্তিগত আলাপে মেতে থাকা যাবে না। ফুটপাত বা টং দোকানে বসে খাবার খাওয়া, জনসমাগমস্থলে বাদাম, চানাচুর বা ভাপা পিঠার মতো খাবার খাওয়া থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান প্রকাশ করাও নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



































