ইশতেহার লঙ্ঘনে আদালতে যাওয়ার অধিকার চায় সুজন

- সর্বশেষ আপডেট ০৫:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 121
ইশতেহার লঙ্ঘন করলে নাগরিকদের আদালতে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার বলে মন্তব্য করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সোমবার ( ০৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সুজন আয়োজিত ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে সুজন এর কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সুজন এর জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন’র প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনী ইশতেহার হলো নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলের একটি চুক্তি। এটা মেনে চলার ব্যাপারে বাধ্যবাধকতা, বিশেষ করে ইশতেহারের বর্ণিত অঙ্গীকারগুলো লঙ্ঘন করলে নাগরিকরা যাতে আদালতে যেতে পারে সে ব্যবস্থা থাকা দরকার।’
তিনি বলেন, ‘ মানুষ যে কথাগুলো শুনতে চায়, ইশতেহারগুলোতে সেসব ভালো ভালো কথা রয়েছে। কিন্তু ইশতেহারগুলোতে কর্মসূচি বাস্তবায়নে বিশদ পরিকল্পনা অনুপস্থিত রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও দলগুলো তাদের ইশতেহারে কিছু বিষয়ে ভিন্ন বিষয়ে মত তুলে ধরেছে। জুলাই সনদ অনুযায়ী ৫ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলগুলো সে অঙ্গীকার রক্ষা যথাযথভাবে রক্ষা করেনি।’
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। কিন্তু বিএনপি তাদের ইশতেহারে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের অঙ্গীকার করেছে। আর তা হলে উচ্চকক্ষ গঠনের মূল উদ্দেশ্য হাসিল হবে না, উচ্চকক্ষ তখন হবে নিম্নকক্ষের রেপ্লিকা। উচ্চকক্ষ গঠনের অন্যতম উদ্দেশ্য হলো, উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিধান করা। আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন হলে ক্ষমতাসীন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে সংবিধান সংশোধন করতে পারবে। আর সংখ্যানুপাতিক হলে ক্ষমতাসীন দলকে অন্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সংবিধান করতে হবে। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক চর্চা গড়ে উঠবে।’ পৃথকভাবে দলভিত্তিক ইশতেহার ঘোষণা না করে জোটগতভাবে ইশতেহার প্রকাশ করা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, ‘আহার, স্বাস্থ্য, ইত্যাদি বিষয়গুলোই মানুষের প্রধান প্রত্যাশা। মানুষ চায় বৈষম্য যাতে কমে আসে। অর্থাৎ ধনী যাতে আরও ধনী হতে পারে, গরিব মানুষরা যাতে ধনী হয়।’ নির্বাচিত সরকারের ১০০ দিনের কর্মকাÐ পর্যালোচনা করে সুজন-এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
একরাম হোসেন বলেন, ‘প্রকৃতি না বাঁচলে প্রাণ বাঁচবে না। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত বন ও আবাদী জমির পরিমাণ কমছে। কিন্তু পরিবেশবান্ধব স্যাটেলাইট নগর তৈরি এবং গ্রামীণ জনপদে সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ইশতেহারে। প্রবাসীদের মাধ্যমে রেমিট্যান্স ও লাশ আসে। কিন্তু তাদের কল্যাণে বড় দলগুলোর কোনো সুস্পষ্ট অঙ্গীকার নেই। পোশাক শ্রমিকদের উন্নয়নেও কোনো অঙ্গীকার নেই দলগুলো।’
শিল্প-সংস্কৃতির বিকাশে গ্রন্থাগার স্থাপন, পারফর্মিং আর্টের বিস্তার, ইত্যাদি বিষয়ে বড় দলগুলোর ইশতেহারে কোনো অঙ্গীকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে দিলীপ কুমার সরকার বলেন, ‘গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সুজন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা তুলে ধরেছিলাম। প্রত্যাশাগুলো ছিল: ১. জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশনসমূহের সুপারিশ বাস্তবায়নর ব্যাপারে অঙ্গীকার; ২. রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতকরণ; ৩. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া; ৪. সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা; ৫. গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল গড়ে তোলা; ৬. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও প্রাতিষ্ঠানিক লড়াই; ৭. মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার; ৮. সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা; ৯. নারী ক্ষমতায়নের অগ্রাধিকার; ১০. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা; ইত্যাদি।’
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, দেশি-বিদেশি নানা সংস্থা ও রাজনৈতিক দলগুলোকে ইশতেহার নিয়ে যতটা উৎসাহী হতে দেখা যায়, নির্বাচনের পর তাঁরা ততটাই উদাসীন হয়ে পড়ে। তবে এবারের নির্বাচনটি পরপর তিনটি ব্যর্থ ও বহুল বিতর্কিত, কারসাজির নির্বাচনের পাদপিটে অনুষ্ঠিত হচ্ছে। তাই এ নির্বাচনকে ঘিরে সংগত কারণেই নির্বাচনটিকে ঘিরে জনসাধারণের প্রবল আগ্রহ তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপির ইশতেহারে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ের সমন্বয় করার প্রয়াস লক্ষ করা গেছে। দলটির ইশতেহার পর্যালোচনা করলে দেখা যায় যে, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ৫টি প্রধান ক্ষেত্রকে ঘিরে রচিত হয়েছে। দলটির ইশতেহারে নয়টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’ সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান Ñ এ ৫টি বিষয়ে ‘হ্যাঁ’ এবং দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি- এ ৫টি বিষয়ে ‘না’ উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছে। দলটি দেশ পরিচালনায় ২৬টি অগ্রাধিকার চিহ্নিত করেছে। এর মধ্যে সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ, সমানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন, ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং সর্বজনীন সামাজিক নিরাপত্তা চালু করা অন্যতম।’ দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যকে কেন্দ্র করে আটটি মূল ভাগে বিভক্ত করে জামায়াত তার কর্মসূচি তুলে ধরেছে।
দিলীপ কুমার সরকার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ ৩৬ দিনের সময়কালকে মাথায় রেখে সর্বমোট ৩৬ দফায় ১২টি ভাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার সাজানো হয়েছে। ইশতেহারটি নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক উন্নয়নের ওপর কেন্দ্রীভ‚ত। দফাগুলোর মধ্যে তরুণ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, এবং কেন্দ্রীয়কৃত স্বাস্থ্যসেবার ব্যবস্থা গড়ে তোলার কথাও বিশেষভাবে উল্লেখ আছে।’
তিনি বলেন, ‘সিপিবির ১৮-দফা ইশতেহার মূলত রাষ্ট্র ও সমাজের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে প্রণীত, যা গণতন্ত্র, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে দলটি বৈষম্য হ্রাস, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও অসমতা দূর করে জনগণকেন্দ্রিক অর্থনৈতিক পুনর্গঠনের ওপর জোর দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিপিবি সরকার গঠন করলে তাদের ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনাকে চারটি নির্দিষ্ট সময়সীমায় ভাগ করেছে, যার মাধ্যমে ধাপে ধাপে সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়েছে।’
দিলীপ কুমার সরকার বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩০ দফা মৌলিক ইশতেহার নৈতিকতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রণীত। এতে দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনা, সুষ্ঠু নির্বাচন ও পিআর পদ্ধতির মাধ্যমে জনমতের যথার্থ প্রতিফলনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঘোষিত ১২টি বিশেষ কর্মসূচির মাধ্যমে নগদ সহায়তা, যুবকদের সুদমুক্ত ঋণ, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সেবা সহজীকরণের বাস্তব পরিকল্পনা তুলে ধরা হয়েছে।’
প্রবন্ধের শেষভাগে তিনি বলেন, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়; এটি রাষ্ট্রের ভবিষ্যৎ শাসন কাঠামো ও নীতিগত দিকনির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজনৈতিক দলের ইশতেহার দেখায় যে, দলগুলো ভোটারদের সামনে ভিন্ন ভিন্ন রাষ্ট্রদর্শন ও উন্নয়ন মডেল উপস্থাপন করেছে। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এই ইশতেহারগুলোর কোন দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ পায়, তার ওপর নির্ভর করবে।’
































