দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে: সালাহউদ্দিন আহমদ

- সর্বশেষ আপডেট ০৯:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 65
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার বলেছেন, দেশের স্বার্থ সবকিছুর আগে থাকবে। তিনি জানিয়েছেন, আগামী বাংলাদেশের সরকার হবে গণতান্ত্রিক, উন্নয়নমুখী এবং মানুষের মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে সুশাসিত।
সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে শুক্রবার স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনি পথসভায়। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আমরা সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বাংলাদেশ গড়ে তুলব, যেটা মুক্তিযোদ্ধারা এবং গণঅভ্যুত্থানের শহীদরা স্বপ্ন দেখেছিলেন।”
সালাহউদ্দিন আহমদ সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমুখ।
এর আগে তিনি চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজিত নির্বাচনি পথসভায় যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান—কোনো ধর্ম বা জাত ভেদে বিভাজন হবে না। সকলের পরিচয় হবে বাংলাদেশি। আমরা কখনো ধর্মভিত্তিক বিভাজনে বিশ্বাস করিনি এবং করব না। সাংবিধানিকভাবে নাগরিক হিসেবে আমাদের পরিচয় বাংলাদেশি, পাসপোর্টেও তাই লেখা আছে।”
পথসভায় উপস্থিত ছিলেন চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন ও সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।

































