ভিসা সংকটে দায় পুরো সিস্টেমের, ব্যক্তিগতভাবে নয়: তৌহিদ

- সর্বশেষ আপডেট ০৪:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 84
বাংলাদেশি নাগরিকদের ভিসা না পাওয়া নিয়ে চলমান সংকটের দায় ব্যক্তিগতভাবে বা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, যেখানে দেশের পুরো ব্যবস্থাই দায়ী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বিপুল সুযোগ থাকলেও নিজেদের দুর্বলতার কারণে সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। ভিসা না পাওয়ার পেছনে মূল দায় দেশের ভেতরের সমস্যারই।
“ভিসা দেয় না বলে আমরা অভিযোগ করি, কিন্তু এর জন্য পুরোপুরি আমরাই দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?” বলেন তিনি।
তিনি বলেন, ভিসা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা বিদেশে চাকরির মতো বিষয়গুলো মূলত কাগজপত্রের ওপর নির্ভরশীল। সেসব কাগজ বিশ্বাসযোগ্য করে তোলার দায়িত্ব দেশের নাগরিকদেরই।
তার ভাষায়, “যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে, তাহলে ভাবুন আমরা কতটা ধাপ্পাবাজি করেছি।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের ভেতরের এই অব্যবস্থা ও অসততা দূর না করলে ভিসা সংকটের সমাধান সম্ভব নয়। বরং সামনে আরও কঠিন সময় আসতে পারে বলেও সতর্ক করেন তিনি।
“আমরা যতক্ষণ ঘর না গোছাব, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময় আসতে পারে,” বলেন তৌহিদ হোসেন।
এ সময় অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তিগুলো করছে, সেগুলো ভবিষ্যৎ সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।
এর জবাবে তিনি বলেন, তিনি বিষয়টি ভিন্নভাবে দেখেন।
“আমি উল্টোটা মনে করি। আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
































