ঠাকুরগাঁওয়ের এক নির্বাচনি পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে দেশ কখনো নিরাপদ থাকতে পারে না।
আরও পড়তে পারেন
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।
ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে ফখরুল বলেন, অতীতে হিন্দু-মুসলিম একসঙ্গে বড় হয়েছে, ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রাখতে হবে। জেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।’
জেলার আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্প, আইটি ট্রেনিং সেন্টার এবং মেয়েদের জন্য নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বন্ধ থাকা বিমানবন্দর চালু, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ২০১৮ সালে ভোট আগের রাতেই হয়ে যাওয়ায় জনগণের কাছে যাওয়ার সুযোগ ছিল না। তবে এবার একটি ভালো পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করতে চান তারা।
দলীয় চেয়ারপারসন তারেক রহমানের বার্তার কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে কেনা যায়। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, নারীদের এনজিও ঋণের কিস্তি এক বছর সরকার বহন এবং দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।
জামায়াতের এক প্রার্থীর সমালোচনা করে ফখরুল বলেন, নিজের অবস্থান না বুঝে বড় কথা বলা ঠিক নয়। ১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল, তাদের কাছ থেকে দেশপ্রেমের কথা শোভা পায় না।
পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।


































