তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 87

তিস্তা ব্যারাজসংলগ্ন হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। ছবি: বাংলা অ্যাফেয়ার্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে যেকোনো চাপ ও রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তাকে আবারও একটি পূর্ণাঙ্গ ও জীবন্ত নদীতে রূপান্তরের মাধ্যমে উত্তরাঞ্চলকে কৃষি ও শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকারও করেন তিনি।
বুধবার লালমনিরহাটের তিস্তা ব্যারাজসংলগ্ন হেলিপ্যাড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলের সম্ভাবনা নিয়ে জন্ম নিলেও দীর্ঘদিনের ভুল নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আজ তা দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। এই সংকট কাটাতে হলে সমন্বিত ও কার্যকর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথ নেই।
ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে পুরোনো মতলববাজ ও স্বার্থান্বেষী রাজনীতির ইতি টানার নির্বাচন। দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের ভিত্তি হতে পারে ন্যায়, ইনসাফ ও মূল্যবোধভিত্তিক রাজনীতি।
সমাবেশে তিনি লালমনিরহাট ও নীলফামারী জেলার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে সমর্থন জানানোর আহ্বান জানান।
জনসভা শুরুর আগেই তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠ জনসমুদ্রে পরিণত হয়। লালমনিরহাট ও নীলফামারীর বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুরের দিকে মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে জামায়াত আমিরকে স্বাগত জানান উপস্থিতরা।
সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী মো. আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের প্রার্থী আব্দুল মুনতাকিম।






























