সিআইডি প্রধান
আন্তর্জাতিক প্রটোকল মেনে শহীদদের মরদেহ তোলা হবে
- সর্বশেষ আপডেট ০১:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 107
অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ বলেছেন, আন্তর্জাতিক প্রটোকল মেনে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ তোলা হবে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ শনাক্তের লক্ষ্যে মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন সিআইডি প্রধান।
মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই শহীদদের পরিচয় নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন লুই ফন্দেব্রাইডার এবং ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল।
সিআইডি কর্মকর্তারা জানান, বিভাগটির অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে, যাতে মরদেহ উত্তোলনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।




























