কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২ মণের পাখি মাছ

- সর্বশেষ আপডেট ০৫:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 201
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জসিম মোল্লা নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ মণ ওজনের একটি বিরল ফ্লাইং ফিশ বা পাখি মাছ। স্থানীয়ভাবে এটি গোলপাতা মাছ নামেও পরিচিত।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে উৎসুক মানুষজন এক নজর দেখতে ভিড় করেন।
মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় স্থানীয়রা এটিকে গোলপাতা বা পাখি মাছ নামে ডাকে। তবে উপকূলে চাহিদা কম থাকায় দাম তেমন ওঠে না। স্থানীয় ব্যবসায়ী রফিক পাটোয়ারী মাছটি প্রতি কেজি ৩১২ টাকায় কিনে নেন এবং কেটে ককসিট করে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছেন।
গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, এই মাছটি সাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণীর মধ্যে একটি এবং ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। নৌকার পালের মতো পৃষ্ঠীয় পাখনার কারণে একে সেইল ফিশ বা পাল মাছ বলা হয়। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের এবং এর মাংস খুব সুস্বাদু ও পুষ্টিকর।
































