দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 140
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আগেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, “আমরা প্রাথমিকভাবে যাচাই-বাছাই সম্পন্ন করছি। খুব শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।”
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচারকাজ চলছে, যেগুলোর মধ্যে কয়েকটি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “আগামী দিনগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার চার্জশিট এবং ফরমাল চার্জ দাখিলের সম্ভাবনা রয়েছে।”
এদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় কুষ্টিয়ার ছয়জনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে সোমবার আদেশ দেওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন ইতোমধ্যে ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র দাখিল করেছে।
অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন বলে জানা গেছে।
এছাড়া, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের আরও চারটি মামলার আসামিদেরও আদালতে তোলা হয়েছে।




































