নরসিংদীতে এএসপির ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় মামলা

- সর্বশেষ আপডেট ০১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 194
নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান চলাকালীন এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন পুলিশের একটি টহল দল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন দুইজন ব্যক্তি যানবাহন থেকে টাকা তুলছিলেন। দায়িত্বরত পুলিশ তাদের টাকা তোলার কারণ জানতে চাইলে এবং হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকায় তা বন্ধ করতে বলে। পুলিশ দুই চাঁদাবাজকে আটক করলে, ৩০-৩৫ জন ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল ঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করে, ফলে তিনি অচেতন হয়ে পড়েন। হামলাকারীরা আটক চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তী সময়ে পুলিশ মো. আনোয়ার হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান এবং পরে ঢাকায় প্রেরণ করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।
































