হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত
- সর্বশেষ আপডেট ০৪:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 60
হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হলেও পাইলটরা নিরাপদে উদ্ধার হয়েছেন। ঘটনাটির কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ডি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, হেলিকপ্টারের পাইলটরা নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।
হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ মোকাবিলায় মার্কিন বাহিনীর চলমান অভিযানে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথম কোনো অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। এর আগে ইরান দাবি করেছিল, তারা বহু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে গত রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা ইরানের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে।




































