হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা জারি
- সর্বশেষ আপডেট ১০:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 33
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এখন থেকে নির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এ রুট ব্যবহার করতে পারবে না—এমনই নির্দেশনার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। ঘোষণায় প্রণালীটিকে ‘উন্মুক্ত’ বলা হলেও বাস্তবে নিয়ন্ত্রণ জোরদারের ইঙ্গিত স্পষ্ট।
অন্যদিকে রয়টার্সকে দেওয়া পৃথক এক বক্তব্যে ইরানের আরেক কর্মকর্তা কিছুটা ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন। তাঁর দাবি, বাণিজ্যিক জাহাজ—এমনকি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজও—চলাচলের অনুমতি পাবে। তবে সামরিক জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ পরিস্থিতি আন্তর্জাতিক নৌপথ ব্যবহারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।































