সুন্দরবনে অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ জব্দ: কোস্ট গার্ড

- সর্বশেষ আপডেট ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 75
সুন্দরবনে বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার গহীন সুন্দরবন এলাকায় এই অভিযান চালানো হয়।
দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং নলিয়ান আউটপোস্টের একটি যৌথ দল দাকোপ থানাধীন শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন গহিন অরণ্যে তল্লাশি চালায়। এ সময় বনদস্যুদের লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার গান এবং ৪টি বন্দুকের ব্যারেল (পাইপ) উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং ২টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদার এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। জড়িত ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা এম এইচ রিফাত (এক্স), বিএন।






























