নৈতিক অবক্ষয় রোধে ৯ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০৩:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 152
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জোরদার করতে সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই নিজ নিজ ধর্মের শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে।
রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। শিক্ষামন্ত্রী বলেন, সময়ের বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জোরদার করা জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই এই বড় নিয়োগ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা আনতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি শক্তিশালী কমিটি কাজ শুরু করেছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এখনই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে মন্ত্রী জানান, শিগগিরই নতুন করে আবেদন আহ্বান করা হবে। আগে জমা পড়া আবেদনগুলো বাতিল করা হবে না; বরং সেগুলোও পুনরায় যাচাই করে স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।


































