‘সরকারি দলের কথায় মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

- সর্বশেষ আপডেট ০৫:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 131
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারী জ্বালানি নীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র মন্তব্য করেছেন।
তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পাম্পে দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করে সত্য আড়াল করছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলার সুযোগও দেওয়া হয় না।
তিনি বর্তমান সংসদের সদস্যদের অতীতের রাজনৈতিক প্রতিকূলতা উল্লেখ করে বলেন, অনেকেই জেল খেটেছেন, কেউ বন্দি ছিলেন, কেউ নির্বাসন বা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন। এমন সদস্যদের নিয়ে গঠিত সংসদ যদি জনগণের দুঃখ না বোঝে, তবে আর কে বুঝবে?
ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, ৫৪ বছর ধরে বাঙালি জাতিকে চাপা ফ্যাসিবাদকে ২০২৪ সালের বিপ্লবীরা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। এখন যারা ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তব্যে তিনি ২৪-এর আন্দোলনের লক্ষ্য ব্যাখ্যা করেন। বর্তমান প্রজন্ম শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য লড়াই করেনি, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে। তিনি দাবি করেন, বিগত নির্বাচনে ৭০ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন দিয়েছিল, কিন্তু সেই রায়কে হাইজ্যাক ও ডাকাতি করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় অস্বীকারের দিন থেকেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। তিনি ঘোষণা করেন, সংসদ মানুক বা না মানুক, জামায়াতে ইসলামী জনগণের রায় বাস্তবায়নে রাজপথে ফিরে যাবে এবং ইনসাফ কায়েম করবে।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা নিজের দলের মধ্যে গণতন্ত্র ও ইনসাফ প্রয়োগ করতে পারে না, তারা ১৮ কোটি মানুষকে নিরাপত্তা বা গণতন্ত্র দিতে পারবে না। ৭৭ জন সংসদ সদস্য জনগণের অধিকার রক্ষায় কাজ করবে এবং জাতির ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেবে না।
আলোচনা সভায় জাগপা-র মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসা রোধ করা হবে এবং এই অশুভ যাত্রা থামানো হবে।































