শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব বাস
- সর্বশেষ আপডেট ০৫:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 3
শিক্ষার্থীদের যাতায়াতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করার উদ্যোগ হিসেবে দেশে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) স্কুল বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ হ্রাস করাও এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, গণপরিবহনে ধীরে ধীরে বিদ্যুৎচালিত বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য আনা এসব বাসে শুল্ক সম্পূর্ণভাবে শূন্য রাখা হয়েছে।
এর আগে ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম করসহ সব ধরনের কর অব্যাহতি দেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে অথবা অনুমোদিত কোনো সংস্থার মাধ্যমে এসব বাস আমদানি করতে পারবে। তবে বাসগুলো অবশ্যই হলুদ রঙের হতে হবে এবং “স্কুল”, “কলেজ” বা “স্টুডেন্ট বাস” লেখা স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।































