থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৮:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 23
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচকের তথ্য অনুযায়ী, আগামী ১২ মাসের মধ্যে টার্মিনালটি অপারেশনাল পর্যায়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর উদ্বোধনের লক্ষ্য ধরা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর।
সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, নির্মাণকাজের মান নিয়ে এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগ দেখা যায়নি। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই ২০২৭ সালের জুন পর্যন্ত টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে, ফলে যন্ত্রপাতি বা পরিচালনাগত সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকবে বলে আশা করা হচ্ছে।
ঋণ পরিশোধ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান জানান, চলতি বছরের জুন থেকেই থার্ড টার্মিনালের অর্থায়ন কাঠামোর প্রথম কিস্তি পরিশোধ শুরু হবে, যা ২০৫৬ সাল পর্যন্ত চলবে। বছরে আনুমানিক ৮০০ থেকে ৮৫০ কোটি টাকা পরিশোধ করতে হতে পারে।
এই প্রকল্পটি প্রথম অনুমোদন পায় ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আংশিকভাবে উদ্বোধন করা হয় থার্ড টার্মিনালটি। তখন ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২৪ সালের মধ্যেই পুরোপুরি চালু হবে এটি। তবে নির্ধারিত সময়সীমায় তা বাস্তবায়িত হয়নি।































